Image description

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর ও জমি পেয়েছেন মনোয়ারা বেগম সুন্দরী। এখন মনোয়ারা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাত খাওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আমার মা। মা জীবনে আপনার কাছে আর কিছু চাই না। আপনি ঘর দিয়েছেন ও জমি দিয়েছেন। আপনার সঙ্গে একসাথে বসে একটু খেতে চাই। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। আপনার সঙ্গে বসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভাত খেয়েছিলাম। এবার আপনি বানারীপাড়ায় আসবেন। আপনার সঙ্গে বসে একটু ভাত খাব। এটাই আমার জীবনের শেষ চাওয়া। 

বুধবার গণভবন থেকে গাজীপুরের শ্রীপুর, বরিশালের বানারীপাড়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বরিশালের বানারীপাড়া থেকে মনোয়ারা বেগম সুন্দরী কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে ভাত খাওয়ার আবেদন জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আসবো বানারীপাড়ায়।

দেশের বিভিন্ন উপজেলা ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও ঘর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে গণভবনসহ বিভিন্ন প্রান্তে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা ও সরকারের পদস্থ কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মনোয়ারা বেগম বলেন, ১৯৭১ সালে পাকবাহিনী আমাদের ঘর বাড়ি পুরিয়ে দিয়েছে। এর পরে আর ঘরে থাকতে পারেনি। তারপর আমার মা ভিক্ষা করে একটা ঘর তুলেছিল। সেই ঘরও বন্যা নিয়ে যায়। এরপর আর নিজের ঘরে থাকতে পারিনি। আজ আপনি ঘর দিয়েছেন। আমি পাকা ঘর পেয়েছি এটা স্বপ্ন না সত্যি বিশ্বাস করতে পারছি না। 

তিনি বলেন, বানারীপাড়া সাধারণ মানুষের আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছে। মা আপনি একবার বানারীপাড়া আসেন। বানারীপাড়া গরীব দুঃখী সাধারণ মানুষের একমাত্র ভরসা আপনি, একবার আপনি বানারীপাড়া আসেন।

এ সময় আরেক ঘর ও জমি পাওয়া হুমায়ুন কবির বলেন, আমাদের কোনো ঘর ছিল না। রাস্তার ওপর ঝুপড়ি ঘর তুলে আমার বাবা আমাদের নিয়ে জীবনযাপন করছেন। অনেক কষ্ট করে আমার বাবা আমাদের নিয়ে  জীবন যাপন করছেন। অনেক চেষ্টা করেও আমাদের একটা ঘর তুলে দিতে পারেননি। আজ আমি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে থেকে ঘর পেয়েছি। এই বিল্ডিং ঘরের কথা আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি। কারণ এমন বড় স্বপ্ন দেখার জন্য পরিস্থিতি লাগে, সেটা আমার বাবার ছিল না। আমারও নেই। আমি দিনমজুরের কাজ করি, এই কাজ করে তো কোনদিন বিল্ডিং করা সম্ভব না। আজ আপনি দুই শতাংশ জমির উপরে আমাদের বিল্ডিং করে দিয়েছেন। একসঙ্গে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা ও ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। এখন গ্রামে থেকেও শহরের সুবিধা পাব। প্রধানমন্ত্রী মমতাময়ী মা। আপনি ঘর ও জমি দেওয়ায় আমার মেয়েদের নিয়ে আল্লাহ রহমতে ভালো থাকতে পারবো। আপনি আমার মা৷ আপনি সন্তানের ভবিষ্যতে করে দিয়েছেন। আমার বৃদ্ধ মা নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যা আমাদের কাছে রাজপ্রসাদের সমান। আপনি না থাকলে  আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হতে না এতো সুন্দর বিল্ডিং পাওয়া, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পাওয়া। জমিতে আমরা শাকসবজি চাষ করে খেতে পারবো। আর আমাদের কষ্ট থাকবে না। আপনি না থাকলে আমাদের এই কষ্ট দূর হতো না। আমি ঘর পেয়েছি শুনে আমার বৃদ্ধা মা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন। আমিও আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবসময় ভালো রাখেন এবং দীর্ঘায়ু দান করে।