Image description

প্রথম দফায় কাজ করেছেন বছর তিনেক। সেই সময়ে বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল দারুণ কিছু সাফল্য। সেই সাফল্যের কারিগর চন্ডিকা হাথুরুসিংহে আবার টাইগারদের দায়িত্ব নিতে সোমবার রাতে ঢাকায় এসে পৌছেছেন। বিমান বন্দরে নেমেই তিনি জানান, আবার বাংলাদেশে ফিরতে পেরে দারুণ খুশি তিনি।

হাথুরুর ফেরার উপলক্ষে বিমানবন্দরে সংবাদকর্মীদের ভিড় ছিল। কিন্তু আনুষ্ঠানিক কথা বলার সুযোগ হয়নি। গাড়ির জানালা খুলে ভিতর থেকে হাথুরু বলেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

গত ৩১ জানুয়ারি দ্বিতীয় দফা বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে বিসিবি। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। সেই সময়ে তার হাত ধরে এসেছিল বেশ কিছু সাফল্য।

ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো বাঘা বাঘা দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ জিতেছিল প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ।