Image description

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না, যা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে।’ রোববার দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচন করতে হলে তার আগে একটা রিঅ্যাকশন টাইম দিতে হয়। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না, যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এমতাবস্থায় আমি নিশ্চিত, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এবং আমরা সেটা বাস্তবায়ন করব।’

সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় উল্লেখ করে মো. সানাউল্লাহ বলেন, ‘সরকার যদি মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেইভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হলো-সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়।’

এই মুহূর্তে ইসির সামগ্রিক ফোকাস জাতীয় নির্বাচন আয়োজনে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে। আর জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে সকল নির্বাচনের প্রস্তুতি হয়ে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে-একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। সেটাকে ধারণ করে আবার কোনো আইন বা বিধিমালার পরিবর্তন হয় কি-না, সেটার জন্য একটা সময়ের ব্যাপার আছে।’

নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ বাস্তবতায় আবহাওয়াও একটা বড় ফ্যাক্ট মনে করেন এই নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত ইভিএম পুরোপুরি টেকওভার করা হয়নি। প্রশিক্ষণ অংশটুকু বাকি ছিল, সেটাও এই সপ্তাহে শেষ হয়ে গেছে। এমন অবস্থায় ভবিষ্যতে ইভিএমের ব্যবহার হবে কি-না তা আমরা জানি না।’

ইভিএমের বিষয়ে যে সিদ্ধান্ত আসবে, সেইভাবে কাজ করবেন উল্লেখ করে মো. সানাউল্লাহ আরও বলেন, ‘সংস্কার কমিশনেও ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে সিদ্ধান্ত যায় আসুক না কেন, বর্তমানে যে ইভিএমগুলো আছে জরুরি ভিত্তিতে আমরা সেই দায়-দায়িত্ব বুঝে নেব, রক্ষণাবেক্ষণ করবো।’