হাওরে উন্নয়নের আলো আওয়ামী লীগ সরকার দিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী গ্রামের মানুষকে ভালোবাসেন। গ্রামের মানুষের উন্নয়নে সুনামগঞ্জে বড় বড় প্রকল্প দিয়েছেন। বিপদে-আপদে সবসময় তিনি হাওরের মানুষের পাশে আছেন৷ গ্রামের মানুষ গণতন্ত্র বুঝে না, তারা চায় উন্নয়ন। তারা সেতু চায়, সড়ক চায়, স্কুল চায়। আর সে উন্নয়নের আলো দিয়েছে আওয়ামী লীগ সরকার।
শনিবার (১০ জুন) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে ৫১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ‘সদরপুর’ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ। গ্রামে-গঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে৷
মন্ত্রী আরও বলেন, রাস্তায় যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এ জন্য সুনামগঞ্জে চার লেনের সড়ক হবে। ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতু হয়েছে। আরও হবে। প্রধানমন্ত্রী আমাকে হাওরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই হাওরের সন্তান হিসেবে যতদিন বেঁচে আছি, মানুষের কল্যাণে কাজ করে যাব৷শেখ হাসিনা যতদিন আছেন, আমিও তার সাথে আছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো. ফজলে রব্বে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন প্রমুখ।