রাজধানীর কামরাঙ্গীচর খোলামুড়া এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকালে স্বজনরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বসিলা ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত শিক্ষার্থীর নাম ইয়াসমিন মাহমুদ মাহিম (১৫)। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী। তার মা সাবিনা ইয়াসমিন স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক।
নিহতের মামা রেজাউল করিম সোহাগ বলেন, শুক্রবার মাহিম বাসা থেকে চুল কাটার কথা বলে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে কামরাঙ্গামরিচ থানায় সাধারণ ডায়েরি করি।
তিনি আরও জানান, চুল কাটা শেষে আজিমপুরে মাহিমের এক বন্ধুর দাদির মিলাদে যাওয়ার জন্য তার মাকে রাজি করান। কিন্তু সেখানে না যাওয়ায় তার মোবাইল ফোন চেক করে তার সহপাঠি সামিরের সঙ্গে দেখা করার তথ্য পাই। কিন্তু সহপাঠী মাহিমের সঙ্গে দেখা করার কথা অস্বীকার করলে গতকাল থেকে সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ করেছি। আজ ভোরে খোলামুড়া ঘাট এলাকায় গেলে এক পথচারীর মাধ্যমে নদীতে লাশ ভেসে থাকার খবর পাই৷ সেখানে গিয়ে আমার মাহিমের লাশ ভাসতে দেখি। তার শরীর ও মুখে অনেক কাদা লাগানো। তবে শরীরে আঘাতের চিহ্ন দেখিনি।
জানা গেছে, নিহত মাহিম তার মায়ের এক মাত্র সন্তান। বাবা মাসুদুর রহমানের সঙ্গে ১০ বছর আগে মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মায়ের সঙ্গে কামরাঙ্গামরিচ বাগানবাড়ি নয়াগাঁও এলাকা থাকেন।
নৌ পুলিশের বসিলা ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, শনিবার সকালে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।