রুশ অভিযানে ক্ষতিগ্রস্ত ইউক্রেনসহ এর প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, এসব দেশকে ৩৭৫ কোটি ডলার মূল্যের সহায়তা দেওয়া হবে। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, ওয়াশিংটন ইউক্রেনকে ব্র্যাডলি যুদ্ধ যান, স্বচালিত হাউইটজার কামান, সামরিক যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সামরিক উপকরণ সরবরাহ করবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ পিয়েরে বলেন, এ সামরিক সহায়তার মধ্যে আছে স্থলমাইন প্রতিরোধকারী যান, জিএমএলআরএস রকেটব্যবস্থা, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, যান বিধ্বংসী স্থলমাইন ও গোলাবারুদ।